রমজানকে সামনে রেখে উলিপুর বাজারে মোবাইল কোর্ট, ৭ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৪ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে কুড়িগ্রামের উলিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) উলিপুর বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের অভিযোগে ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় তাদের মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এদিকে যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।