নরসিংদীতে খাল কাটা ও পুনঃখনন কাজের উদ্বোধন

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ২:০২ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল, নদী-নালা ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে জলাশয় সংস্কার ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে মহিষাখালী খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এই খনন কাজের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: নরসিংদীতে আলোচিত কিশোর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১

দেশব্যাপী খাল কাটা ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এমপি। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি।

আরও পড়ুন: লন্ডনে থেকেও মানবিক দায়বদ্ধতা: জাহাঙ্গীর ফিরোজের ঈদ সহায়তা

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, জেলা যুবদলের সভাপতি মহাসিন হোসেন বিদ্যুৎ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর সরকার দুলন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের ফলে স্থানীয় কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং জলাবদ্ধতা নিরসন হবে। এটি এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্যসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।