শহীদ মিনারে গুলি ও কুপিয়ে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, আটক ১
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাকিব (২৭) নামে এক যুবক গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রোববার রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের উপরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
পুলিশ জানিয়েছে, ঘটনার পর সিহাব হোসেন নামে একজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তার বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে।
নিহত রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শিববাড়ি আবাসিক এলাকায় থাকতেন। তিনি পেশায় ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। পাশাপাশি শেখ বোরহান উদ্দিন কলেজ-এর ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুরান ঢাকার নিমতলি এলাকায়। তার বাবার নাম তারিকুল ইসলাম খোকন।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন, এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহতের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে গিয়ে দেখেন রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মিঠু ফকির জানান, রাকিব নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে থাকা লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





