আইজিপির বাসায় চুরির খবর গুজব, বাইরের বৈদ্যুতিক তার খোয়া গিয়েছিল
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ মহাপরিদর্শকের বাসভবনে চুরির যে খবর বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভ্রান্ত। প্রকৃতপক্ষে বাসভবনের ভেতরে কোনো চুরির ঘটনা ঘটেনি।
বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মার্চ বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে আইজিপির বাসায় চুরির সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, সংবাদটি সঠিক নয় এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
পুলিশ জানায়, ১৬ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়। এ সময় বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ওই তারগুলো নিয়ে যায়।
ঘটনার পর থানা পুলিশ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও চঞ্চল শেখ (৩৮)।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
পুলিশ আরও জানায়, আইজিপির বাসভবনে চুরির বিষয়ে প্রচারিত সংবাদটি বিভ্রান্তিকর। এ ধরনের ভ্রান্ত তথ্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।





