গাজীপুর সাফারি পার্কে ঈদে উপচে পড়া ভিড়, দুই দিনে ১৫ হাজার দর্শনার্থী
গাজীপুর সাফারি পার্কে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দুই দিনে ১৫ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটেছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। আজ সোমবার (২৩ মার্চ) সকাল থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমান। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সপরিবারে এসেছেন। হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক।
ঈদুল ফিতরের সাত দিনের দীর্ঘ ছুটিতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দর্শনার্থীদের সেবা দিতে প্রস্তুত পার্ক কর্তৃপক্ষ। নিরাপত্তায় রয়েছেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: সরকারি নির্দেশ ছাড়াই বন্ধ নরসিংদীর পেট্রোল পাম্প, বিপাকে মোটর চালকরা
সাফারি পার্কে বেড়াতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, প্রাকৃতিক পরিবেশ দেখে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। খুব কাছ থেকে উন্মুক্ত মাঠে বিচরণ করা রয়েল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ভালুক, জিরাফ, জেব্রাসহ বিভিন্ন প্রজাতির হরিণ, গয়াল দেখা যায়। পথের পাশে দেখা মেলে বানরের দল। এ ছাড়া দেখা যায় হাতি, ইমু পাখি, দুর্লভ শকুন, প্যাঁচাসহ বিভিন্ন প্রজাতির পাখি। রয়েছে জলহস্তী, কুমির, সাপসহ বিভিন্ন প্রজাতির সরীসৃপ।
ভালুকা থেকে আসা সালমা নামে এক দর্শনার্থী জানান, ঈদে বাড়ি যাওয়া হয়নি তাঁর। স্বামীকে নিয়ে সময় কাটানোর জন্য সাফারি পার্কে এসেছেন। পার্কের ভেতর বাসে চড়ে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ ও ভালুক দেখে তাঁর খুব ভালো লেগেছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের: দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১
বিশ্ববিদ্যালয় পড়ুয়া রায়হান জানান, সাফারি পার্ক ঘুরে দেখা একটি বিশেষ অভিজ্ঞতা। এখানে নির্মল প্রাকৃতিক পরিবেশে অনেক দুর্লভ ও হিংস্র প্রাণী একসঙ্গে দেখা যায়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, ‘প্রতিবছর ঈদ উৎসবে দর্শনার্থীর চাপ থাকে পার্কে। আজ সোমবার ঈদের তৃতীয় দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপচে পড়া লক্ষ করা গেছে। অন্য দুই দিনের তুলনায় আজ দর্শনার্থীর উপস্থিতি বেশি হওয়ার আশা করা হচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ঈদ উপলক্ষে প্রতিদিনই পার্ক খোলা থাকবে। দর্শনার্থীদের কথা বিবেচনা করে ঈদের দিন বিকেলেও পার্ক খোলা ছিল।’





