নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ শুরু করেছে।

শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনটি রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত

বেসিক অবকাঠামো নির্মাণের আওতাভুক্ত রাস্তাগুলো হলো- মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়ক, কপালহর-লংগারপাড় সড়ক, জাহাঙ্গীপুর ইউনিয়নের রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা সড়ক।

এছাড়াও ১ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৩শত টাকার ব্যয়ে নির্মিত পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। উল্লেখিত তিনটি রাস্তা নির্মাণে সরকার ৪ কোটি ১ লাখ ৬৬ হাজার ৭৭৯ টাকা বরাদ্দ প্রদান করেছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মৃত্যু: পাশাপাশি কবরে শায়িত হলো একই পরিবারের ৪ জন

বিত্তিপ্রস্থর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের আমলে কোনও ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের করের টাকা যেন সঠিকভাবে উন্নয়ন কাজে ব্যয় হয়, সেই বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে। সরকার যখন যা দেবে, তা জনগণকে জানিয়ে দেওয়া হবে; কোনও লুকোচুরি থাকবে না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ইতিমধ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধা-বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল, সাবেক ছাত্রদল নেতা আকরাম হোসেন ফেরদৌসসহ দলীয় নেতৃবৃন্দ।