শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো ছাত্রলীগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩৮ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর এ ঘটনার একটি ১৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

আরও পড়ুন: শিশু রিফাতকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশংসা করে লেখেন, ‘জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় ধন্যবাদ।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তিনি বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে। এটি শুধু অগ্নিকাণ্ড নয়, বরং ‘জুলাই’-এর চেতনাকেই অবমাননা করা হয়েছে।

আরও পড়ুন: বড়াইগ্রামে বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু

তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং অন্যথায় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।