জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জব্দ করা ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত ৩১ মার্চ জব্দ করা ঘোড়াগুলো গোপনে বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চালক-হেলপারসহ নিহত ৩

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ঘোড়াগুলো থানায় হেফাজতে রাখা হয়। এর মধ্যে একটি ঘোড়া অসুস্থ হয়ে মারা যায়।

অভিযোগ অনুযায়ী, গত রোববার ভোরে অবশিষ্ট ৮টি ঘোড়া গোপনে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। বিষয়টি সোমবার সকালে প্রকাশ্যে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। পরে ঘোড়াগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

আরও পড়ুন: নরসিংদীতে পুকুরে মিলল যুবকের লাশ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয়েছে। পূর্বের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতেই এই ব্যবস্থা নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি খন্দকার নাসির উদ্দিন দাবি করেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি; সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেগুলো থানায় ফিরিয়ে এনে নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।