কমলনগরে সড়কের বেহাল দশা, বর্ষার আগেই সংস্কারের দাবি

Sadek Ali
কবির হোসেন রাকিব,কমলনগর
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার যোগাযোগের অন্যতম প্রধান সড়ক নোয়াখালী-সোনাপুর থেকে কমলনগর পর্যন্ত ফজুমিয়ার হাট হাসপাতাল সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদামাটি ও পানিতে ডুবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নোয়াখালী থেকে ফজুমিয়ার হাট বাজার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত রোগী নোয়াখালী সদর হাসপাতালে যাতায়াত করেন। কিন্তু সড়কের ভাঙাচোরা ও কর্দমাক্ত অবস্থার কারণে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

আরও পড়ুন: ভোলার চরফ্যাশনে অবৈধ ইটভাটায় অভিযান

কমলনগর উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি বাজার—বড় হাজির হাট, তোরাবগঞ্জ ও ফজুমিয়ার হাট—থেকে সরকার প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে। তবুও দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট বাজার সংলগ্ন হাসপাতাল সড়কের প্রায় ৭০০ ফুট অংশ জরুরি ভিত্তিতে সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা প্রয়োজন। এতে সড়কটি দীর্ঘস্থায়ী হবে এবং জনগণের দুর্ভোগ অনেকাংশে কমবে।

আরও পড়ুন: চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু করে। অন্যথায় বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত প্রকৌশলী পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”