ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

Any Akter
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৯ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভার এবং শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোরহাঙ্গা মোড় হতে শালবাগান পর্যন্ত এ পার্ট ও গোরহাঙ্গা হতে নিউমার্কেট পর্যন্ত বি পার্টের কাজের অগ্রগতি এবং শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় সড়ক বন্ধ করে সড়কের একাংশের উপরে রাখা ঠিকাদারী প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় যন্ত্রাংশ ও মালামাল আগামী সাত দিনের মধ্যে সরিয়ে রাস্তাটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন রাসিক প্রশাসক। এছাড়া নির্মাণাধীন ফ্লাইওভারগুলোসহ অসমাপ্ত কাজ দ্রুততম সময়ে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন: সোনাগাজীতে বীরমুক্তিযোদ্ধার বিধবার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী নগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। এই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে সচেষ্ট রয়েছি। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৩০ ও ৯০ দিনের স্কিম গ্রহণ করা হয়েছে। ৩০ দিনের স্কিমের মধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে ইতোমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও মশক নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্যবর্ধণে রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণ করা হবে। রাজশাহী মহানগরবাসীকে সেবা দেওয়ার জন্য, মহানগরীকে বিশ্ব দরবারে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এবং ক্লিন সিটি, গ্রিন সিটি গড়তে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমি সব পদক্ষেপ গ্রহণ করবো। পরিদর্শনকালে ফুটপাত দখলমুক্ত করতে ফুটপাত ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুন: দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।