সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২ জন ও আহত ৪ জন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাইকুরাটী ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান (২২), যিনি বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী, এবং জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর (স্বরস্বতিপুর) গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৩)।
আরও পড়ুন: কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন। অপরদিকে রহমত উল্লাহ নিজ এলাকায় বজ্রাঘাতে প্রাণ হারান।
আহতরা হলেন—শিখামনি (২৫), জয়নাল হক (৩৫), আব্দুল কাইয়ুম (২৫) ও অমর হোসেন (২০)। তাদের মধ্যে শিখামনি ও জয়নাল হক ইসলামপুর (স্বরস্বতিপুর) গ্রামের এবং আব্দুল কাইয়ুম ও অমর হোসেন পাইকুরাটী ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত
আহতদের দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান ও রহমত উল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিখামনি ও জয়নাল হককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





