কাশিয়ানীতে অপরাধ দমনে ওসির সাফল্য, পেলেন আইজিপি পদক

Sadek Ali
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবৈধ অস্ত্র উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাচ (পুলিশ পদক) পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান। পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পদক গ্রহণ করেন মাহফুজুর রহমান।

আরও পড়ুন: শ্যামনগরে ১৪৭তম ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা জেলার রূপসা থানা এবং বর্তমান কর্মস্থল কাশিয়ানী থানায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে তাঁর নেতৃত্ব পুলিশের ঊর্ধ্বতন মহলে প্রশংসিত হয়। এ ছাড়া চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন ও পলাতক আসামি গ্রেপ্তারে তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন।

ওসি মাহফুজুর রহমান কাশিয়ানী থানায় যোগদানের পর থেকেই এলাকায় অপরাধ দমনে কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, আগে এই এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়মিত ছিল। বর্তমানে পুলিশের টহল বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

আরও পড়ুন: কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে গোয়ালঘরে আগুন : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কাশিয়ানীর এক ব্যবসায়ী বলেন, “আগে সন্ধ্যার পর নির্জন এলাকায় চলাচল করা ঝুঁকিপূর্ণ ছিল। এখন দিনরাত পুলিশের টহল দেখা যায়। কিশোর গ্যাংয়ের উশৃঙ্খলতা ও মাদকসেবীদের দৌরাত্ম্য আগের চেয়ে কমেছে।”

থানা সূত্র জানায়, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কিশোর গ্যাংয়ের আড্ডার জায়গাগুলো এখন নিয়মিত নজরদারিতে রাখা হচ্ছে।

পদক প্রাপ্তি ও বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে জানতে চাইলে ওসি মো. মাহফুজুর রহমান বাংলাবাজার পত্রিকা'কে বলেন, “যেকোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থানায় আসতে পারেন এবং দ্রুত আইনি সেবা পান, সেটি নিশ্চিত করাই মূল লক্ষ্য। এই অর্জন ভবিষ্যতে আরও জনমুখী পুলিশি সেবা প্রদানে প্রেরণা জোগাবে।

একজন দক্ষ কর্মকর্তা হিসেবে আইজিপি পদক পাওয়ায় মাহফুজুর রহমানকে তাঁর বর্তমান ও সাবেক কর্মস্থলের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশ বাহিনীতে মেধাবী কর্মকর্তাদের এমন মূল্যায়ন বাহিনীর প্রতি জনগণের আস্থা বাড়াতে সহায়ক হবে।