সাভারে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ৮:২৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারে বিস্কুট কেনার প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহজাহান (৬০) নামে এক মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (২০ মে) দুপুরে সাভার মডেল থানাধীন বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। টিফিনের সময় সে একটি মুদি দোকানে বিস্কুট কিনতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে দোকানের ভেতরে নিয়ে নির্যাতন করে বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাটি কাউকে জানালে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

বিদ্যালয় থেকে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের জানালে বিষয়টি প্রকাশ পায়। এরপর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগীর পরিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

গ্রেপ্তারকৃত শাহজাহান ঢাকা জেলার দোহার থানার সুতারপাড়া গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাভারের বনগ্রাম এলাকায় মুদি দোকানে বসবাস করতেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।