ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সোশ্যাল এইড’। শুক্রবার (২৯ মে ২০২৬) দিনব্যাপী ইউনিয়নের আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ কার্যক্রমে ৮৮০টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, মোট ১২টি গরু কোরবানির মাধ্যমে প্রতিটি পরিবারকে ২ কেজি করে মাংস প্রদান করা হয়। নবাবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ছাড়াও আশ্রয়ণ প্রকল্প, আদর্শগ্রাম ও চরাঞ্চলের দরিদ্র পরিবারের মধ্যে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে নবাবপুর ইউনিয়ন পরিষদ।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। বিশেষ অতিথি ছিলেন দাতা সংস্থা কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন টেকনিক্যাল কোঅর্ডিনেটর জিল্লুর রহমান, ভলান্টিয়ার ফাহিম মুনতাসির, ইউনিয়ন যুবসমাজের সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক জহিরুল হক সজিব।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
কোরবানির মাংস পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দের আবহ দেখা যায়। তারা এ মানবিক উদ্যোগের জন্য সোশ্যাল এইড ও কারামা সলিডারিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।





