দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৫

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ১২:০২ অপরাহ্ন, ০২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিশু।

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাসবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন: 'বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব': হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নাজিমুর রহমান

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষসহ চারজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮) এবং প্রাইভেটকারের অজ্ঞাতনামা চালক (২৫)।

আরও পড়ুন: অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে রংপুরে ২ জন গ্রেপ্তার

এ ঘটনায় আহত হয়েছেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তাদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবাহী ট্রাকের পেছনে যশোরগামী প্রাইভেটকারটি ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ভাঙ্গা ফায়ার স্টেশনের ব্যবস্থাপক আবু জাফর জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। চালক গাড়ির ভেতরে আটকে পড়েছিলেন। পরে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।