সড়কের পাশে পড়েছিল বাক্সবন্দি নবজাতকের মরদেহ

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ২:৪৮ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর শিবপুরে সড়কের পাশে পড়েছিল বাক্সবন্দি নবজাতকের মরদেহ। পরে খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

বুধবার (৩ জুন) সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি নামক এলাকা থেকে একদিন বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশে পচারবাড়ি নামক এলাকায় একটি বাক্সে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় মরদেহের পাশ থেকে একটি ব্যাগে কিছু কাপড়ও উদ্ধার করে পুলিশ। তবে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে ওই নবজাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, উদ্ধার হওয়া নবজাতকটি পুরুষ লিঙ্গের। ধারণা করা হচ্ছে, পরিচয় লুকানোর জন্য রাতের যেকোনো সময় নবজাতকের মরদেহটি সড়কের পাশে ফেলে রেখে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নবজাতকের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর