নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ তথ্য জানায়।
আরও পড়ুন: পটুয়াখালীতে র্যাবের অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ০২
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সকাল সাড়ে ৭টার দিকে জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ দুটি তল্লাশি করে ১০টি প্যাকেটে মোট ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বকেয়া না পেলে দুদক ঘেরাও, আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।





