চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

Sadek Ali
গর্বিতা রানী, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৩:২১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।  

আরও পড়ুন: গাজীপুর মহানগর যুবদলের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের শ্রদ্ধা

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী ও পাঁচজন শিশু ছিল।

বিজিবি জানায়, বিএসএফ সদস্যরা একটি নৌকাযোগে ওই ব্যক্তিদের নদীপথে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। নৌকাটি শূন্যরেখার কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা এগিয়ে গিয়ে বাধা দেন। এতে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন: শেরপুরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তিন নদীর পানি বিপদসীমার ওপরে

পরে রাত পৌনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”