উলিপুরে যানজট নিরসন ও অকাল মৃত্যু রোধে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুরে যানজট নিরসন এবং অকাল মৃত্যুরোধে অবিলম্বে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুন, ২০২৬ খ্রি. মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উলিপুরের বড় মসজিদ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটি, উলিপুর’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।
আরও পড়ুন: উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে
মানববন্ধনে অংশগ্রহণকারীরা "আমাদের দাবি, আমাদের অধিকার, উলিপুর হেলিপ্যাড হইতে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন চাই" এবং "নিরাপদ সড়ক, নিরাপদ জীবন" স্লোগান সংবলিত ব্যানার নিয়ে দাঁড়ান।
বক্তারা বলেন, উলিপুর পৌর শহরের যানজট এখন চরম আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচলের কারণে একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ঘটছে অকাল মৃত্যুর মতো মর্মান্তিক দুর্ঘটনা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উলিপুর হেলিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
অনতিবিলম্বে এই বাইপাস সড়ক বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি আদায়ে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।





