কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬ | আপডেট: ৯:১৬ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে কর্মরত ছয়জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরের সদরঘাট থানার সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা এফভি ‘দেশ ফিশিং’ জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সঞ্জীব ভট্টাচার্য্যের শাশুড়ি মিতা চৌধুরী আর নেই

দগ্ধরা হলেন— ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেক কর্মী শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

জানা গেছে, সমুদ্রে মাছ আহরণ শেষে সোমবার দুপুরে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করে। মঙ্গলবার দুপুরে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে দায়িত্বরত ছয় নাবিক দগ্ধ হন।

আরও পড়ুন: সিংড়ায় অবৈধভাবে পুকুর খননের অপরাধে একজনের কারাদণ্ড

স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ (৪২) সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।