কাপাসিয়ায় নেশার টাকা না পেয়ে মাকে রক্তাক্ত জখম ও ঘরবাড়ি ভাঙচুর করল পাষণ্ড ছেলে

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২৪ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদক ক্রয়ের টাকা না পেয়ে নিজের জন্মদাত্রী মাকে পিটিয়ে রক্তাক্ত জখম এবং ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে মেহেদী (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে। অভিযুক্ত মেহেদী ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বখাটে যুবক মেহেদী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায়শই মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। ঘটনার দিন সে তার মায়ের কাছে নেশার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে মেহেদী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। একপর্যায়ে সে তার মায়ের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। ছেলের নির্মম পিটুনিতে মায়ের মাথা ফেটে যায় এবং শরীর রক্তাক্ত জখম হয়। মায়ের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পাষণ্ড ছেলে মেহেদী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: কাপাসিয়ায় ২৭টি প্রতিষ্ঠানে জেলা পরিষদের অর্ধকোটি টাকা অনুদান

এই অমানবিক ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। এলাকায় মাদকের বিস্তার এভাবে বাড়তে থাকলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে এবং এমন আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে বখাটে মেহেদীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।