যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক
যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়
আটক তাহসীন ইসলাম ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। অভিযানের সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগে একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি তৃতীয় নম্বর আসামি।
আরও পড়ুন: পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই তাহসীন ইসলামকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ। সে সময় সিটিটিসি জানায়, তদন্তে একটি নেটওয়ার্কের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং অভিযোগগুলো এখনও তদন্তাধীন।





