কাপাসিয়ার যুবক হাওরে ঘুরতে গিয়ে পানিতে নিখোঁজ

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর থেকে কিশোরগঞ্জের নিকলী-মিঠামইন-ইটনা হাওর অঞ্চলে ঘুরতে গিয়ে শুক্রবার দুপুরে সফিকুল ইসলাম টুলু (৪২) নামে এক যুবক পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলা সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, কাপাসিয়া থেকে শুক্রবার সকালে কান্দানিয়া এলাকার ৩২ জন বন্ধু বিভিন্ন মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জের নিকলী-মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে নিকলী ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় যাওয়ার পথে তিন কিলোমিটার দূরে হঠাৎ তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় অন্যদের সঙ্গে তিন বন্ধু গোসল করার জন্য হাওরের বিস্তীর্ণ পানিতে ঝাঁপ দেন। দুই বন্ধু আনোয়ার ও হাফিজুল পানি থেকে উঠতে পারলেও সফিকুল ইসলাম টুলু আর উঠতে পারেননি। ধীরে ধীরে তিনি গভীর পানিতে তলিয়ে যান।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

নৌকার মাঝির সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ টুলুর কোনো সন্ধান মেলেনি।

স্বজনরা জানান, কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের সফিকুল ইসলাম টুলুর স্ত্রী গত আট মাস আগে মারা যান। তাদের দুটি সন্তান রয়েছে। টুলুর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি