সিংগাইরে ১৩ পরিবারকে ১৩ লাখ টাকার সহায়তা
মানিকগঞ্জের সিংগাইরে জটিল রোগে আক্রান্ত, অসচ্ছল পরিবার, শারীরিক প্রতিবন্ধী ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে মোট ১৩ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে সাত্তার ফাউন্ডেশন।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর এলাকায় ইদ্রিস আলীর বাড়িতে আয়োজিত এক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার
অনুষ্ঠানে সাত্তার গ্রুপ অব কোম্পানির কর্ণধার ও সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব এম এ সাত্তার খান ১৩ জন উপকারভোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেন।
জানা গেছে, সাত্তার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তা দিয়ে আসছে। প্রতি মাসে অসচ্ছল মানুষের তালিকা তৈরি করে চিকিৎসা ও জরুরি সহায়তা প্রদান করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন
অনুদান প্রদানকালে সাত্তার খান বলেন, মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে সবচেয়ে বড় তৃপ্তি পাই। সামর্থ্যের মধ্যে থেকে অসচ্ছল ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসায় সহযোগিতা করার চেষ্টা করি। পাশাপাশি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সাত্তার ফাউন্ডেশনের কার্যক্রম চলমান থাকবে।
অনুদান পেয়ে মাসুদ ও রশিদা দম্পতি জানান, তাদের সাত বছর বয়সী ছেলে রকিবুল হাসান জন্মগত হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসায় প্রায় সাত লাখ টাকা প্রয়োজন। তা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। সাত্তার ফাউন্ডেশনের এক লাখ টাকার সহায়তা চিকিৎসার ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা জানান। একই সঙ্গে তারা আলহাজ্ব এম এ সাত্তার খান ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিংগাইর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মো. তৌহিদুর রহমান বলেন, আগুনে ব্যবসার সবকিছু হারিয়ে তিনি চরম সংকটে পড়েছিলেন। ফাউন্ডেশনের অনুদান তাকে নতুন করে ব্যবসা শুরু করার সাহস ও আশার সঞ্চার করেছে। তিনি এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিরু, মানিকগঞ্জ জেলা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. জাফর আলী ও শিপন মাহমুদ, স্থানীয় সমাজসেবী ইদ্রিস আলী, সংবাদকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





