ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩০ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিকল বাসকে কেন্দ্র করে চারটি যানবাহনের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই)  সকালে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

আরও পড়ুন: রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

পুলিশ জানায়, মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ড ভ্যানও ব্রেক করে। কাভার্ড ভ্যানটির পেছনে থাকা দুটি মোটরসাইকেলের পর একটি স্বাধীনতা পরিবহনের মিনিবাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় চারটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ৩০ বছরের জমি বিরোধের অবসান, রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিহতদের মধ্যে একজন আবাস সাহা, যিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।

অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা আশুতোষ সাহার ছেলে। তিনি চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। পুলিশ জানিয়েছে, আবাস ও সুজয় সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক বলেন, ট্রিপল নাইন (৯৯৯)-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে দেখে পেছনের যানবাহনগুলো পর্যায়ক্রমে ব্রেক করে। এ সময় দ্রুতগতিতে আসা একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলে থাকা বাস, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল মহাসড়কে, তাই বিষয়টি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।