গফরগাঁওয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি

Sanchoy Biswas
আইনাল ইসলাম, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সবুজ শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এবং গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন: গাসিকের ঘোষিত বাজেটে ব্যয়ের চেয়ে উদ্বৃত্ত বেশি

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপস্থিত থেকে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল জাতি গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশের প্রতি দায়িত্ববোধ এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। পরিচ্ছন্ন বিদ্যালয় মানেই সুন্দর শিক্ষার পরিবেশ।”

এ সময় তিনি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি সপ্তাহের রোববার ‘ক্লিন সানডে’ (Clean Sunday) কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করেন এবং নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “উপজেলা প্রশাসনের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখা এবং গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরিতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত কার্যকর।”

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। তারা বিদ্যালয়কে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসনের ‘সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান’ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন বিদ্যালয়ে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা চর্চার অভ্যাস গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় এ কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে, যাতে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই নয়, সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখতে পারে।