বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৫

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুর সদর উপজেলায় জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি সেখানে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আরও পড়ুন: কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকদের ভাষ্য, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।