নেত্রকোণায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সাহসী ভূমিকায় আনসার, রক্ষা পেল বাজার
নেত্রকোণা জেলা শহরের বড় বাজার এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আনসার সদস্যরা আগুনের বিস্তার রোধ, উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে বড় বাজার এলাকার একটি প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রবল দাহ্যতার কারণে অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন: গাজীপুর সদর উপজেলায় জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন
একই সময়ে আশপাশের দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্য এবং নেত্রকোণা জেলা কার্যালয় থেকে ব্যাটালিয়ন আনসার সদস্যদের দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়। আনসার সদস্যরা দ্রুততা ও দক্ষতার সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নিয়ন্ত্রণ, নিরাপত্তা বেষ্টনী গঠন, উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা এবং উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরলসভাবে কাজ করেন।
প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টার পর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জুতার দোকান, প্লাস্টিকের দোকান ও মনিহারী দোকানসহ মোট ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
দুর্যোগময় এ পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দ্রুত সাড়া, সাহসিকতা ও পেশাদারিত্ব স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় বাহিনীর কার্যকর ভূমিকা আবারও প্রতিফলিত হয়েছে এ অভিযানে।





