বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:২২ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে আটক করে স্থানীয় গ্রামবাসী। পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কৃষককে ছেড়ে দেওয়ার পর দুই ভারতীয় নাগরিককেও ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।

আরও পড়ুন: বগুড়া নন্দীগ্রামে বিএনপি অফিসে আগুন

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন। সকালে ভারতীয় নাগরিকদের মালিকানাধীন লিজ নেওয়া জমির মরিচক্ষেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে একপর্যায়ে সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন—সচিন কর্মকার ও নারায়ণ দেব।

আরও পড়ুন: বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ

পরে বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে ইছাখালী সীমান্তে আটক বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ছেড়ে দেওয়া হয়। পরে দুই ভারতীয় নাগরিককেও ছেড়ে দেয় বিজিবি।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের ইছাখালী বিওপির ক্যাম্প কমান্ডার সুবাদার আবু হানিফ। অন্যদিকে বিএসএফের পক্ষে নব চন্দ্রপুর বিওপির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার ছিলেন।

বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।