ফটিকছড়িতে জমজমাট পাঁঠা-ছাগলের বাজার, দামেও ঊর্ধ্বগতি
সনাতন ধর্মাবলম্বীদের মানসা পূজাকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন হাটবাজারে পাঁঠা-ছাগলের বেচাকেনা জমে উঠেছে। পূজা সামনে রেখে উপজেলার বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বাড়লেও তুলনামূলক বেশি দামে ছাগল বিক্রি হওয়ায় চাপে পড়েছেন মধ্যবিত্ত ক্রেতারা।
আগামী ১৮ আগস্ট (১ ভাদ্র) মঙ্গলবার মানসা পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ফটিকছড়ির বাগানবাজার, চিকনছড়া বাজার, নারায়ণহাট বাজার, বিবিরহাট বাজার, নাজিরহাট বাজার, নানুপুর বাজার, আজাদী বাজার, মোহাম্মদ তকিরহাট বাজার ও খিরাম দৌলতমুন্সিরহাটসহ বিভিন্ন বাজারে ইতোমধ্যে পাঁঠা-ছাগলের বেচাকেনা জমে উঠেছে।
আরও পড়ুন: রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার নিয়োগ
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, মানসা পূজার আর কয়েকদিন বাকি থাকায় ছাগল কেনাবেচার হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম হয়েছে। স্থানীয় খামারি ও গৃহস্থদের পালিত ছাগলের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা সংগ্রহ করে আনা ছাগলও এসব বাজারে বিক্রি করছেন। বাজারে ভারত ও মিয়ানমার থেকে আসা ছাগলও পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
বিভিন্ন হাটে ৪-৫ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা বা তারও বেশি দামের পাঁঠা দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরের তুলনায় এবারও পাঁঠার দাম বেশি। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক মধ্যবিত্ত পরিবারকে ছাগল কিনতে হিমশিম খেতে হচ্ছে।
আরও পড়ুন: নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান
নাজিরহাট বাজারে গিয়ে দেখা যায়, মানসা পূজাকে কেন্দ্র করে বড়, ছোট ও মাঝারি আকারের পাঁঠা-ছাগলের বেচাকেনা বেশ জমে উঠেছে। সেখানে ৩০ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। তবে বেশি দামের কারণে অনেক ক্রেতাকেই দর-কষাকষি করতে দেখা গেছে।
পাঁঠা কিনতে আসা রাজন বলেন, ‘বিক্রেতারা পাঁঠার দাম বেশি চাচ্ছেন। বেশ কয়েকটি দেখেছি। আরও দুই-একটি দেখে নিয়ে কিনব।’
ব্যবসায়ী পাঁচ কড়ি নাথ বলেন, ‘বাজারে পাঁঠার দাম কেমন, তা দেখতে এসেছি। আগামী হাটে পাঁঠা কিনব।’
সব মিলিয়ে মানসা পূজাকে ঘিরে ফটিকছড়ির বিভিন্ন বাজারে পাঁঠা-ছাগলের বেচাকেনা জমে উঠেছে। পূজার দিন যত ঘনিয়ে আসছে, বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও তত বাড়ছে।





