মোড়েলগঞ্জে ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ হলো গাছের চারা

Sadek Ali
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৬২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রধানদের হাতে নারকেলসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে চারা রোপণ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শেখ নজরুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪, আহত ২

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান।

এ সময় কৃষি ইনস্টিটিউট, খুলনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, ড. মোহাম্মদ মহসিন আলী হাওলাদার এবং মোড়েলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৬২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে নারকেলসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে এসব চারা কীভাবে সঠিকভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবুজ ও নান্দনিক পরিবেশ গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় এসব চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সরাসরি সম্পৃক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ তৈরির প্রত্যাশা করছেন তারা।