সাতছড়ি-তেলিয়াপাড়া সীমান্তে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ

Sadek Ali
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:২৬ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব মাদক জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির একটি টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি-তেলিয়াপাড়া সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় বস্তায় লুকিয়ে রাখা মালিকবিহীন অবস্থায় ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মোড়েলগঞ্জে ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ হলো গাছের চারা

বিজিবির ধারণা, চোরাকারবারিরা ভারত থেকে এসব মাদক পাচার করে এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে দুর্গম জঙ্গলে লুকিয়ে রেখেছিল। বিজিবির নিয়মিত টহলের সময় এসব মাদক উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেল ৬টার দিকে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

বিজিবি জানায়, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের সর্বমোট ১৮৬ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সবসময় দৃঢ় ও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যুবসমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত মাদকবিরোধী অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অপরাধ দমনের পাশাপাশি সীমান্তবর্তী মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবিগঞ্জ বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।