হেফাজতের আলেম-ওলামার বিরুদ্ধে মামলাগুলো দ্রুত প্রত্যাহারের দাবি দেওনা পীরের
আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের আলেম-ওলামা ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এখনও বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।
তিনি বলেন, একই সময়ে রাজনৈতিক ও আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের আলেম-ওলামাদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। তিনি এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
আরও পড়ুন: ২ ঘণ্টা পর গাজীপুরের ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচলিত শিক্ষাব্যবস্থার বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে আলেম-ওলামারা প্রতিবাদ ও আন্দোলন করেছিলেন। তাদের আন্দোলনের মুখে সরকার কিছু উদ্যোগ বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থায় নাচ-গানসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনারা কি দলবাজি করছেন?
তিনি আরও বলেন, মাল্টিমিডিয়া মোবাইল ফোনের অবাধ ব্যবহারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এ বিষয়ে সরকারের নজর দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বুধবার বিকালে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শানে রেসালত সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনী, আদর্শ ও সুন্নাহর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইসলামী মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা ও মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশিদ। এতে হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।





