সবাইকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:১৮ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুধু নির্বাচন কমিশনের একার বিষয় নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি প্রয়োজন। সবাই প্রস্তুত হলেই নির্বাচন কমিশনও প্রস্তুত হয়েছে বলে ধরা যাবে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট: মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়ন বৈধ

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। ভোটের সময় নির্ধারণ অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। নির্বাচন-সংশ্লিষ্ট সবার প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পরই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিছু আইন ও বিধি সংশোধনের কাজ চলছে। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। পাশাপাশি সরকারের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন রয়েছে। কারণ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা প্রয়োজন হবে।

আরও পড়ুন: পরাজয়ের সমীকরণ জেনেও রাষ্ট্রপতি পদে অলি আহমদের দুই মনোনয়ন

নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের বিষয়ে সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশনই ভোটের তারিখ নির্ধারণ করবে। এ ক্ষেত্রে আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা ও পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।

সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশের প্রস্তুতি, দেশের সার্বিক পরিস্থিতি এবং নির্বাচনে কতসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা সম্ভব—এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ সময় পুলিশকে কিছু পরামর্শও দেওয়া হয়েছে।

সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচন যেভাবে সম্পন্ন করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। সবার সহযোগিতা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনও সফলভাবে আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের একার প্রস্তুতি যথেষ্ট নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে প্রস্তুত হতে হবে। নতুন সরকার এসেছে, সবাই প্রস্তুত হলে নির্বাচন কমিশনের প্রস্তুতিও পূর্ণতা পাবে। সবাইকে সঙ্গে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।