একই সভাস্থলে এনসিপি-কওমী ছাত্রদের কর্মসূচি, শিল্পকলা একাডেমি ঘিরে উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কর্মসূচি থেকে সরে না গিয়ে পূর্বনির্ধারিত সময় ও স্থানে তা পালনের বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনসিপি।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা করার কথা জানিয়েছে এনসিপি। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে একই স্থানে বিকেল ৩টায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ।
আরও পড়ুন: নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কর্মচারীর মৃত্যু
এ নিয়ে উভয় পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শিল্পকলা একাডেমি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা একাডেমিতে কোনো কর্মসূচি অনুষ্ঠিত হবে না।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, পূর্বঘোষিত জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সমন্বয় সভা আজ বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক
অন্যদিকে, কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা খালেক সাইফুল্লাহ বলেন, শুক্রবার রাতে এনসিপির বিরুদ্ধে মিছিল ও গণসমাবেশ করা হয়েছে। তাদের পক্ষ থেকে তিনটি দাবি জানানো হয়েছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে, সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহকে লাইভে এসে ক্ষমা চাওয়া, পরবর্তী সংসদ অধিবেশনে ক্ষমা চাওয়া এবং জনগণের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ওই বক্তব্য প্রত্যাহার করা।
তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো তারা মানেনি। তাই আমরা নতুন কর্মসূচি ঘোষণা করেছি। শনিবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার ধর্মপ্রাণ মানুষকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।’
তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ জানিয়েছেন, এনসিপি একটি অনুষ্ঠানের জন্য আবেদন করেছিল। কিন্তু অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি এক বিষয় নয়। এ কারণে ভেন্যু বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘কওমী ছাত্র ঐক্য পরিষদও কোনো আবেদন করেনি। শিল্পকলা একাডেমিতে কোনো কর্মসূচি হবে না। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে, বৃহস্পতিবার জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন। তাঁর ওই বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করে কওমী ছাত্র ঐক্য পরিষদ।
এদিকে, শনিবার বিকেলে একই স্থানকে ঘিরে দুই পক্ষের কর্মসূচির ঘোষণায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।





