আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৫৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫সেপ্টম্বর) দেড় টার দিকে হাজী হজরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সীতাকুণ্ডে শরতের কাশফুলে সেজেছে গ্রাম-বাংলার অপরূপ প্রকৃতি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি বসবাস করতেন। কক্ষটির দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আশুলিয়া থানা-পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষটি খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণ করছেন পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড কি না এবং তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: আশুলিয়ায় ভাড়া বাসা থেকে তিন মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের পাশাপাশি আশুলিয়া থানা-পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

এ ঘটনায় নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের পরিচয় ও স্থায়ী ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।

বাড়ির মালিক হাজী হজরত আলীর কাছে ভাড়াটিয়াদের বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন। তবে ভাড়াটিয়াদের কোনো ফরম, পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা হয়নি বলে তিনি স্বীকার করেন।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তালেব বলেন, ঘটনাটি তদন্তাধীন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণসহ ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন স্বামী-স্ত্রী হতে পারেন। তবে তাদের পরিচয় ও ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।