ইরানে মার্কিন হামলায় নিহত ১৮, আহত ১৪২

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩৫ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত ও আরও ১৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিত নাড়িয়ে দিতে ইরানের নতুন কৌশল

তিনি জানান, আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৪৪ জন রয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশুও রয়েছে।

কারমানপুর বলেন, প্রতিটি সংখ্যার পেছনেই একজন মানুষ এবং একটি পরিবার রয়েছে।

আরও পড়ুন: ভোটেকোশি নদীর বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এর মধ্য দিয়ে প্রায় এক মাস ধরে চলা আঞ্চলিক সংঘাতের বিরতিও শেষ হয়।

ওয়াশিংটনের দাবি, সমুদ্র মাইন বহনকারী রকেট মোতায়েনের প্রস্তুতি লক্ষ্য করার পর ইরানের দুটি লঞ্চারে হামলা চালায় মার্কিন বাহিনী।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আশপাশের কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। এসব দেশের মধ্যে রয়েছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাক।

এরপর মঙ্গলবার গভীর রাতে ইরানের ভেতরে আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে এই কমান্ড।

বর্তমান সংঘাতের সূত্রপাত আরও আগের একটি সমঝোতা ভেঙে পড়ার পর। ২০২৬ সালের ১৮ জুন শত্রুতা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেটির বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দেখা দিলে জুলাইয়ে আবারও দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।