শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নওগাঁয় রিকশায় কানের দুল ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম ও আব্দুল হাকিম।
নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুরসহ ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে যান। গরু কেনা শেষে ফেরার পথে পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দেওয়া হলো সেই স্কুলশিক্ষককে
এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, দুর্ঘটনার পর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া একজন ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত হওয়া গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





