উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০০ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে নিজের বাসভবন থেকে সড়কপথে তার গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়। 

দিনব্যাপী সফরে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। 

আরও পড়ুন: ‘নিরাপত্তা চাওয়ায় পুরো রাষ্ট্রযন্ত্র আমার বিরুদ্ধে’: সালমান মুক্তাদির

সফরের শুরুতে বেলা সাড়ে ১২টার দিকে পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা।

এরপর বেলা দেড়টার দিকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

আরও পড়ুন: আজ ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

এ ছাড়া সফরের মধ্যাহ্নে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তারেক রহমানের প্রথম সফর।