কুলাউড়ায় প্রাথমিক শিক্ষায় জনবল সংকট

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৪৭ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাথমিক শিক্ষাব্যবস্থায় দেখা দিয়েছে বড় ধরনের জনবল সংকট। উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ১৬৫টি পদই শূন্য রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের ৬৫টি এবং সহকারী শিক্ষকের ১০০টি পদ শূন্য।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, কুলাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৯৩টি। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ১৯৩টি। এর বিপরীতে কর্মরত আছেন ১২৮ জন। ফলে শূন্য রয়েছে ৬৫টি পদ। অন্যদিকে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৯৮৯টি। বর্তমানে কর্মরত আছেন ৮৮৯ জন। ফলে সহকারী শিক্ষকেরও ১০০টি পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন: মিটার চুরি করে বিকাশে টাকা, আশুলিয়ায় ‘মিটার সবুজ’সহ গ্রেপ্তার ২

শুধু বিদ্যালয় পর্যায়েই নয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে জনবল সংকট। অফিসের তথ্য অনুযায়ী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদিত ৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২ জন। ফলে এ পদে শূন্য রয়েছে ৭টি।

এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৪টি পদের মধ্যে কেউ নেই, হিসাব সহকারীর একটি পদেও কেউ নেই এবং অফিস সহায়কের একটি পদও শূন্য রয়েছে। 

আরও পড়ুন: রামুতে ৬০ হাজার ইয়াবাসহ আটক ২

শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। বিশেষ করে প্রধান শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রশাসনিক কার্যক্রম চালাতে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শূন্য পদে নিয়োগ ও পদায়ন হলে শিক্ষক সংকট অনেকটাই কমে আসবে। তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের মাধ্যমে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৯টি পদের মধ্যে ৭টিই শূন্য রয়েছে। ফলে বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন ও তদারকিতে বিঘ্ন ঘটছে। পাশাপাশি কম্পিউটার অপারেটর না থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দাপ্তরিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।