মুক্তি পেল অনুপমের নতুন অ্যালবাম ‘ব্যথা নেই’
দুর্গাপূজার আগে নতুন অ্যালবাম প্রকাশ্যে আনলেন ভারতের পশ্চিমবঙ্গের গায়ক অনুপম রায়। বুধবার প্রকাশিত অ্যালবামটির নাম ‘ব্যথা নেই’। অ্যালবামের এমন নাম কেন? জানতে আনন্দবাজার পত্রিকাকে গায়ক বলেন, “পুরনো সব কিছু মুছে গিয়ে মানুষ যখন এক স্বস্তির জায়গায় এসে দাঁড়ায়, তখনই বলা যায় ব্যথা নেই। ভেতর থেকেই তখন অনুভব করা যায়, সত্যিই আর কোনও ব্যথা নেই।”
অনুপম ও তাঁর স্ত্রী, গায়িকা প্রস্মিতা পালের সংসারে নতুন অতিথি এসেছে গত ১৭ আগস্ট। ছেলের জন্ম অ্যালবামের নামের অর্থ আরও জোরালো করেছে বলে মনে করেন অনুপম। তাঁর স্ত্রী যখন ছেলেকে নিয়ে হাসপাতালে ছিলেন, সে সময়ই অ্যালবামের কথা সামনে আনেন অনুপম।
আরও পড়ুন: অভিনেত্রী মারিয়া শান্তের নতুন লুক
‘ব্যথা নেই’ অ্যালবামে রয়েছে আটটি গান। চলতি বছরের শুরুর দিক থেকে একে একে গানগুলো মুক্তি পেয়েছে। ‘অবাস্তব প্রেম’, ‘শান্তিনিকেতন’-সহ বেশ কয়েকটি গান জনপ্রিয় হয়। এসব গানের সংকলিত সংস্করণই অ্যালবাম ‘ব্যথা নেই’।
অ্যালবামের সর্বশেষ মুক্তি পাওয়া গান ‘ব্যথা নেই’। গানটির প্রথম পংক্তি—‘শিশুরা ঘুমিয়ে পড়েছে।’
আরও পড়ুন: পূজার সাজে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি
এর আগে অনুপম বলেছিলেন, “আমি কবি ভাস্কর চক্রবর্তীর বড় ভক্ত। তার একটি কবিতায় এই পংক্তিটি ছিল— ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে।’ সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছিলাম। গানের সুর আবার পাশ্চাত্য লোকসঙ্গীতের আধারে তৈরি। এই গানটি আসলে ‘হিলিং’-এর গান। একটা মানুষের সুস্থ জীবনে ফিরে আসার গান।”
ষোলো বছর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি গেয়ে আলোচনায় আসেন অনুপম। তিনি নিজেই গান লেখেন এবং তাতে সুরও দেন।
গত ২৬ জুন ঢাকায় পারফর্ম করার কথা ছিল অনুপমের। কিন্তু শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত হয়। এরপর ১ আগস্ট ঢাকায় ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়। তবে পরে ওই কনসার্টটিও ফের স্থগিত করা হয়েছে।





