করিমগঞ্জে ২ হাজার কেজি অবৈধ পলিথিনসহ কাভার্ডভ্যান আটক, ৫ হাজার টাকা জরিমানা

Shahrier Islam Pallab
এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে প্রায় ২ হাজার কেজি অবৈধ পলিথিনসহ একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ বন্দরে ব্যাবসায়ীর অফিসে ভাংচুর, তালা ঝুলিয়েছে এমপি পুত্র আশার লোকজন

অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর বিপুল পরিমাণ অবৈধ পলিথিন পাওয়া যায়। পরে প্রশাসনের কর্মকর্তারা প্রায় ২ হাজার কেজি পলিথিন জব্দ করেন এবং পলিথিন বহনকারী কাভার্ডভ্যানটি আটক করেন।

অভিযানে গাড়িতে থাকা ড্রাইভার হিসেবে মো. সবুজ মিয়া (২৬)-কে শনাক্ত করা হয়। তিনি মৃত মহীর উদ্দীনের ছেলে এবং রহিমপুর, জঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা অবৈধ পলিথিনের সম্পূর্ণ চালান জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: আইনজীবীদের নিয়ে মন্তব্যের অভিযোগ, এমপি সেলিমকে লিগ্যাল নোটিশ

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের সামনে দিনের বেলায় প্রশাসনের এমন অভিযান পরিচালিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দের ঘটনায় স্থানীয়দের অনেকেই সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব পলিথিন যত্রতত্র ফেলে রাখলে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণও বাড়ে। তাই অবৈধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান প্রয়োজন।

এদিকে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, শুধু একটি-দুটি অভিযান নয়, পরিবেশ রক্ষায় করিমগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে অবৈধ পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ পলিথিনের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।