জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা

Sadek Ali
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:১৯ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গভীর রাতে অভিযান চালিয়ে বাগানের ভেতর থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা-পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি বাঁশতলী পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ মারা গেছেন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ তেতাভূমি বাঁশতলী পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে স্থানীয় জামাল নামের এক ব্যক্তির বাড়ির টিনশেড বসতঘরের উত্তর-পশ্চিম কোণসংলগ্ন বাগানের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে মাদক কারবারিদের মজুদ করে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: কেএনএফ প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

পুলিশের ধারণা, গ্রেপ্তার এড়াতে মাদক কারবারিরা গভীর রাতে গাঁজাগুলো লোকচক্ষুর আড়ালে বাগানের ভেতর লুকিয়ে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় মাদক কারবারিদের শনাক্তে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা গাঁজার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ সাম্প্রতিক সময়েও উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও অন্যান্য মাদক উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে।