নরসিংদীতে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা আটক ২

Shahrier Islam Pallab
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫১ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে একব্যক্তি আটকে রেখে মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে দুই অপহরণকারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি), নরসিংদী। এসময় অপহরণকারীদের কাছ থেকে অক্ষত অবস্থায় অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করেছে এসআরবি-১১।

আটককৃতরা হলেন সদর উপজেলার মাধবদী থানাধীন নোয়াপাড়া গ্রামের  রইজ উদ্দিন মোল্লার ছেলে আবুল কালাম (৩২) ও একই গ্রামের হবি মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৭)।

আরও পড়ুন: নাগেশ্বরী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি সন্দেহজনক আইস উদ্ধার

শনিবার (৩ অক্টোবর) দুপুরে এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার ও (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এসআরবি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) রাত আনুমানিক ১১টার দিকে রবিউল আলম নামে একব্যক্তি একটি পিকআপ ভাড়া করে ঢাকার কামরাঙ্গিরচর হতে মালামাল নিয়ে নরসিংদী সদর উপজেলার শেখেরচর আসার পথে পিকআপে থাকা মালামাল চুরি হয়ে যায়। পরে পিকআপের ড্রাইভার রকিবুল ইসলামকে দোষারোপ করে মালামালের ক্ষতিপুরন হিসেবে ১,২৩,০০০ (একলক্ষ তেইশ হাজার) টাকা দাবী করে আটকে রাখেন। খবর পেয়ে উক্ত পিকআপ ড্রাইভারের ছোট ভাই রহিবুল ইসলাম রহিম (২৫) খবর পেয়ে শেখেরচর পন্ডিত বাজারে আসলে তাকে জামিনদার হিসেবে আবুল কালাম এর বাসায় আটকিয়ে রেখে এবং পিকআপ ড্রাইভার রকিবুলকে ছেড়ে দেয়। পরবর্তীতে রহিমকে উক্ত বাসায় আটকে রেখে অপহরণ চক্রের ১৫/১৬ জন মিলে তিনদিন ধরে নির্যাতন করতে থাকে এবং মুক্তি ও জীবিত ফেরত দেওয়ার শর্তে ড্রাইভার রকিবুল ইসলাম ও তার পরিবারের স্বজনদের মুঠোফোনে মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে বিষয়টি এসআরবি-১১ নরসিংদীর নজরে আসলে গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শুক্রবার (২ অক্টোবর) বেলা ২টার দিকে মাধবদী থানাধীন ভগিরথপুর আবুল কালামের বাড়ি থেকে অপহৃত রহিবুল ইসলাম ওরফে রহিমকে উদ্ধার করতে সক্ষম হন। 

আরও পড়ুন: দারোগা নজরুলের বিরুদ্ধে একাধিক অনিয়ম দূর্নীতির অভিযোগ-বগুড়ায় ১৫ বছর

এবিষয়ে এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার এসআরবি-১১ নরসিংদীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে অপহৃত ব্যক্তিকে উদ্ধার সহ অপহরণকারীর দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন।