স্কুলে মারামারি করা সেই দুই শিক্ষক স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। একই সঙ্গে তাঁদের দুজনকে অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলা, আহত ২
তিনি জানান, দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাঁদের দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি দুজনকে বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক
পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায়, মারামারিতে জড়ানো ওই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরেই তাঁরা বিদ্যালয়ের অফিস কক্ষে সংঘর্ষে জড়ান বলে জানা গেছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ঘটনার ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিস কক্ষে আফজাল হোসেন ও আসমা বেগমের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি মেয়ে রয়েছে, যিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
দীর্ঘ ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে। তাঁরা দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।





