মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
নেত্রকোণার মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা লিটন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার লিটন তালুকদার পৌরশহরের নওহাল এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন লিটন তালুকদার। ঋণের বিপরীতে তিনি ব্যাংকে নিজের হিসাবের একটি চেক জমা দেন। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করে। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের আওতায় চেক ডিজঅনার মামলায় লিটন তালুকদারের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেফতারের পর আজ শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।





