নবীগঞ্জে ৪৭ পিস আটক ১, সহযোগী পলাতক
হবিগঞ্জের নবীগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ বাছিত মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ৬ নম্বর কুর্শি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি যাওয়ার সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন বাছিত মিয়াকে আটক করেন। পরে তাঁর কাছে থাকা একটি ওষুধের কৌটা থেকে ৪৭ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানা গেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
আটক বাছিত মিয়ার বাড়ি উপজেলার ফুটারমাটি গ্রামে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ধরনের কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





