ফ্লাইট বাতিলের পর বিকল্প পথে দেশে ফিরলেন ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী
সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় আটকে পড়েছিলেন পাবনার ঈশ্বরদীর ৫০ জন যাত্রী। দুই দিন অপেক্ষার পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মদিনা থেকে কাতার হয়ে ঢাকায় পৌঁছেছেন তাঁরা। তবে বিকল্প পথে ফিরতে প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ২০ হাজার টাকা করে খরচ করতে হয়েছে।
যাত্রীদের মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাঁদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পরিকল্পনা অনুযায়ী ফেরা সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থা করে দেশে ফিরতে হয় তাঁদের।
আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের আবাসনের নির্ধারিত মেয়াদও শেষ হয়ে যায়। এতে নতুন করে থাকার ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়েন তাঁরা। দলের ৭০ থেকে ৮০ বছর বয়সী কয়েকজন বয়স্ক সদস্য অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় বলেও জানান মোহাম্মদ রায়হান।
এদিকে যাত্রীদের পরিস্থিতির ওপর নজর রাখছিল স্থানীয় প্রশাসন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানান, জেলা প্রশাসনের মাধ্যমে তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: সাংবাদিক আলিফকে সামনে থেকে গুলি, ৬টি গুলির ৫টিই ভেদ করে যায়
দুই দিন অনিশ্চয়তা, শারীরিক অসুস্থতা ও বাড়তি ব্যয়ের পর যাত্রীরা নিরাপদে দেশে ফেরায় তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে।





