হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়লো চারটি আসন

Sadek Ali
‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎‎নেত্রকোণার মোহনগঞ্জে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। তবে নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

‎‎মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

‎‎মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় ট্রেনের গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে ছিলেন। ট্রেনটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়।

‎‎তিনি আরও জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা 'ড' বগিতে আগুন দেওয়া হয়। বগিটির ওই অংশে সিসিটিভি ক্যামেরা না থাকায় আগুন দেওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ হয়নি। আগুনে বগির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

‎‎মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে চারটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।

‎‎তিনি বলেন, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎‎অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।