ব্রিতে ব্রিডার বীজ বিতরণ উদ্বোধন

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আসন্ন বোরো ২০২৬-২৭ মওসুমের ব্রিডার বীজ বিতরণ শুরু করেছে। মঙ্গলবার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

জানা গেছে, ব্রি’র কৌলিসম্পদ ও বীজ বিভাগের (জিআরএস) আয়োজনে এ বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত । 

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রির খামার ব্যবস্থাপনা বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও প্রধান মো. সিরাজুল ইসলাম এবং উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর, ড. মো. আবদুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ।

ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সম্পাদক ও প্রধান মো. রাশেল রানা জানান, জিআরএস বিভাগ আসন্ন বোরো মওসুমের জন্য মোট ১৬২ টন ব্রিডার বীজ উৎপাদন করেছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহ মোট ৭০৪ জন সিড ডিলারের মাঝে ১২৭ টন ব্রিডার বীজ বিতরণ করা হবে। ইতোমধ্যে বিএডিসিকে ৩৮ টন ব্রিডার বীজ দেয়া হয়েছে। বাকি ৮৯ টন ব্রিডার বীজ ৭০৩ জন বেসরকারি খাতের সিড ডিলারের মাঝে বিতরণ করা হবে। এসব বীজ থেকে তারা বোরো মওসুমে ভিত্তি বীজ উৎপাদন করবে।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার